আত-তারগিব ওয়াত তারহিব সম্পর্কে উলামায়ে কিরামের অভিমত:
১. লেখকের বন্ধু ইমাম বুরহানুদ্দিন ইবরাহিম ইবনু মুহাম্মদ হালাবি রাহিমাহুল্লাহ। লেখকের সাথে যার দীর্ঘদিনের ওঠাবসা। তিনি ভেতর-বাহিরের সবকিছু ভালোভাবে জানতেন। উজালাতুল ইমলা ফিত তারগিব ওয়াত তারহিব নামে চমৎকার একটি ভূমিকা লিখেছেন। সেখানে তিনি লেখেন, আত-তারগিব ওয়াত তারগিব সংকলন ও বিন্যাসে চমৎকার একটি কিতাব। অনুপম পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে কিতাবটি সাজানো হয়েছে। সম্ভবত এ বিষয়ে এটিই প্রথম কিতাব। এর নজির এখনও রচিত হয়নি।
.
২. ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত তারগিব-তারহিব কিতাবটি আল্লাহর রহমতের প্রতি উৎসাহদান ও শাস্তি থেকে ভীতিপ্রদর্শন-বিষয়ক মহামূল্যবান একটি কিতাব।
অন্য জায়গায় তিনি বলেন, তারগিব-তারহিব কিতাবটি আল্লাহর রহমতের প্রতি উৎসাহদান ও শাস্তি থেকে ভীতিপ্রদর্শন-বিষয়ক সমৃদ্ধ এবং পাঠকের জন্য উপকারী ও গুরুত্বপূর্ণ একটি কিতাব। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিসের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তা দ্বারা হাদিসের দামি অট্টালিকা নির্মাণ করেছেন।
.
৩. শাইখ আলবানি রাহিমাহুল্লাহ বলেন, উলামায়ে কিরামের কাছে এটি অস্পষ্ট নয় যে, তারগিব-তারহিব কিতাবটি আল্লাহর রহমতের প্রতি উৎসাহদান ও শাস্তি থেকে ভীতিপ্রদর্শন-সমৃদ্ধ একটি কিতাব। আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিসের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরিয়তের বিভিন্ন অধ্যায়ের তারগিব-তারহিব-বিষয়ক হাদিসগুলো জমা করেছেন। যেমন—ইলম, সালাত, ব্যবসায়, মোয়ামেলা, আখলাক-শিষ্টাচার, যুহদ, জান্নাত-জাহান্নামের বর্ণনা ইত্যাদি, যা প্রতিজন বক্তা, ইসলামিক স্কলার, খতিব, শিক্ষক এমনকি প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ কিতাব। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ সুন্দর ও সুশৃঙ্খলভাবে কিতাবটি সাজিয়েছেন। আমি বলব, কিতাবটি তার নিজস্ব বিষয়বস্তুতে একক। উৎকৃষ্টতার ক্ষেত্রে তুলনারহিত।
.
৪. উস্তাজ ড. সায়িদ বাকদাশ রাহিমাহুল্লাহ বলেন, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবটি সহজেই পাঠকের হৃদয়ে রেখাপাত করে যায়। এর মাধ্যমে মন ও মনন, এমনকি জীবন পরিবর্তন করার নজির অনেক। এটি সত্যান্বেষীদের পথ দেখায়, হাত ধরে নিয়ে যায় রবের দরজায়। অন্তরে সঞ্চার করে খোদাভীতি, রাসুল-প্রেমের জোয়ার তোলে হৃদয়ে। রাসুলের ভালোবাসায় হদয় পরিপূর্ণ করার ক্ষেত্রে তারগিব-তারহিবের প্রসিদ্ধি যুগ যুগ ধরে বিদ্যমান রয়েছে।